সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাবে নতুন করে তীব্র হয়েছে সৌদি আরব ও ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের লড়াই। বৃহস্পতিবার সৌদি রাজধানী রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর বিমান চলাচল ব্যাহত হয়। আতঙ্কে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়।
হুথিরা দাবি করেছে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সৌদি আরব সমর্থন দেওয়ায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। একই সঙ্গে সৌদি আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে তারা।
ফ্লাইট নজরদারি সাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইটের ওঠানামা ব্যাহত ও বিলম্বিত হয়। রিয়াদের কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একাধিক বহুজাতিক প্রতিষ্ঠান কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ দেয়। কয়েকটি কূটনৈতিক মিশন সতর্কবার্তা জারি করলেও সৌদি সরকার কোনো সার্বিক জনসতর্কতা জারি করেনি।
এদিকে সংঘাত মোকাবিলায় তুরস্ক, পাকিস্তান ও সিরিয়ার সহায়তা চাইছে সৌদি আরব। মার্কিন ও সিরীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, হুথিদের বিরুদ্ধে অভিযানে বা প্রতিরক্ষামূলক সহায়তায় সিরিয়ার সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে সিরিয়ার অগ্রাধিকার এখনো গৃহযুদ্ধ-পরবর্তী পুনর্গঠন।
এর আগে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় মক্কা চুক্তি হয়। চুক্তির আওতায় তুরস্ক সৌদিকে গোয়েন্দা তথ্য ও সামরিক সরঞ্জামসহ প্রতিরক্ষামূলক সহায়তা দিচ্ছে। পাকিস্তান সৌদি সীমান্ত সুরক্ষা এবং ইয়েমেনের এডেনে সামরিক সরঞ্জাম সরবরাহে সহায়তা করছে বলে জানা গেছে।
বর্তমান এ লড়াইয়ে ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে এবং একটি ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।
এনএনবাংলা/
