বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

মালয়েশিয়ায় ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (MEV) সুবিধা সীমিত করা হয়েছে। নতুন নীতির ফলে সাধারণ ভিজিট বা সামাজিক ভ্রমণের জন্য বাংলাদেশি পর্যটকদের আগের মতো এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসা নিতে হবে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে সব দেশের নাগরিকদের জন্য আগের মতো ঢালাওভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে না।
যেসব ক্ষেত্রে মিলবে মাল্টিপল এন্ট্রি ভিসা
নতুন নীতিতে নির্দিষ্ট কিছু ভ্রমণ উদ্দেশ্যে মাল্টিপল এন্ট্রি ভিসার সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যবসায়িক ভ্রমণ, চিকিৎসা, ‘ফ্লাই অ্যান্ড ক্রুজ’ এবং ওয়েডিং ট্যুরিজম।
অর্থাৎ এসব নির্দিষ্ট উদ্দেশ্যে মালয়েশিয়ায় যেতে হলে যোগ্যতার ভিত্তিতে মাল্টিপল এন্ট্রি ভিসার সুযোগ পাওয়া যেতে পারে।
বাংলাদেশি পর্যটকদের কী হবে?
বাংলাদেশসহ যেসব দেশের নাগরিকদের জন্য সাধারণ ভিজিট বা সামাজিক ভ্রমণে MEV সুবিধা প্রত্যাহার করা হয়েছে, তাদের ক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রযোজ্য হবে। এ-সংক্রান্ত দেশগুলোর তালিকাও প্রকাশ করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
ফলে মালয়েশিয়ায় পর্যটন বা সাধারণ সামাজিক ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের ভিসা ব্যবস্থাপনায় আগের তুলনায় পরিবর্তন এসেছে।
প্রবাসী কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়
তবে মালয়েশিয়ার নতুন এই ভিসা নীতির প্রভাব দেশটিতে কর্মরত বাংলাদেশি বা অন্যান্য বিদেশি কর্মীদের ওপর পড়বে না। কারণ, ইমিগ্রেশন বিভাগের বিজ্ঞপ্তিটি মূলত ভিজিট ভিসা বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য।
কর্মীদের ওয়ার্ক পারমিট কিংবা কর্মসংস্থান-সংক্রান্ত ভিসা এই পরিবর্তনের আওতাভুক্ত নয়।
নতুন নীতির ফলে মালয়েশিয়া ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি পর্যটকদের ভিসা আবেদনের ধরন ও ভ্রমণ পরিকল্পনায় বিষয়টি বিবেচনায় রাখতে হবে।
এনএনবাংলা/
