একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

ভাষা শহীদদের স্মরণে আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৭, আগামী ৭ জানুয়ারি শুরু হবে। মাসব্যাপী এ বইমেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে মেলার এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজনের সময়সূচি চূড়ান্ত করা হয়। প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।
সভায় প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিবছরের মতো এবারও ভাষা শহীদদের স্মরণে আয়োজিত এ মেলা বইপ্রেমী, লেখক, প্রকাশক ও পাঠকদের মিলনমেলায় পরিণত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এনএনবাংলা/
