সাম্প্রতিক
Skip to content

না ফেরার দেশে চিত্রশিল্পী সাঈদা কামাল

ছবিঃ সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা ও  চিত্রশিল্পী সাঈদা কামাল টুলু আর নেই।

আজ রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এই শিল্পীর বয়স হয়েছিল ৭৪ বছর।

তিনি  প্রখ্যাত কবি সুফিয়া কামালের ছোট মেয়ে এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার সংগঠন ‘আমরাই পারি’র চেয়ারপারসন সুলতানা কামালের ছোট বোন। পারিবারিক সূত্রে জানা গেছে, নিউমোনিয়া ও কিডনিজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, সাঈদা কামালের একমাত্র কন্যা যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর আগামী মঙ্গলবার জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। বর্তমানে তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

সাঈদা কামাল বাংলাদেশের চারুশিল্পের প্রসারে এক অনন্য নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করার পর তিনি ভারতের শান্তিনিকেতনের কলাভবন থেকে ডিজাইনের ওপর বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। শিল্পকর্মে বিশেষ অবদানের জন্য দেশ-বিদেশে তার একক ও যৌথ মিলিয়ে বেশ কিছু সফল চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।

শিল্পচর্চার পাশাপাশি দেশের স্বাধীনতা সংগ্রামেও অগ্রণী ভূমিকা রেখেছিলেন তিনি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সাঈদা কামাল রণাঙ্গনের বাংলাদেশ ফিল্ড হাসপাতালে তার বড় বোন সুলতানা কামালের সঙ্গে সেবিকা (নার্স) হিসেবে যুদ্ধাহতদের চিকিৎসায় দিনরাত নিয়োজিত ছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য ও সাহসী অবদানের স্বীকৃতি হিসেবে পরবর্তীতে তাকে ‘সর্বাধিনায়কের বিশেষ প্রশংসাপত্র’ প্রদান করা হয়। তার এই প্রয়াণে দেশের শিল্পাঙ্গন এবং রাজনৈতিক-সামাজিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এনএনবাংলা/ইএস