সাম্প্রতিক
Skip to content

গেন্ডারিয়ায় মাদকের আস্তানায় ইশরাকের অভিযান, আটক ৬

ছবি: সংগৃহীত

রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইন সংলগ্ন একটি মাদকের আস্তানায় আকস্মিক অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার (১৭ অক্টোবর) ৪৫ নম্বর ওয়ার্ডের একটি বস্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানসংক্রান্ত দুটি ভিডিও নিজের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছেন ইশরাক। ভিডিওতে তার হাতে একটি পিস্তল দেখা যায়, যার কিছু অংশ ঝাপসা করা হয়েছে। তবে অস্ত্রটির ধরন এবং অভিযানের সময় সেটি ব্যবহারের কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ইশরাকের মিডিয়া সেলের পাঠানো বার্তায় জানানো হয়, ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারে যে দলের লোকই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। নিজের দলের কেউ জড়িত থাকলে তার শাস্তি আরও কঠোর হবে বলে জানান তিনি।

অভিযানকালে ইশরাক বলেন, মাদকের কারণে তরুণ সমাজ ধ্বংস হচ্ছে। গত ছয় মাস ধরে গোয়েন্দাদের মাধ্যমে মাদক কারবারিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঢাকা-৬ আসন থেকে শুরু হওয়া এ অভিযান সারা দেশে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

আটক ব্যক্তিরা ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, কাউকে মারধর করার জন্য নয়, আইনের মাধ্যমে বিচার নিশ্চিত করতেই এ অভিযান।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, ইশরাক হোসেন ছয়জনকে আটক করার পর থানায় ফোন দেন। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। আটক ব্যক্তিদের কাছে সাদা পাউডারজাতীয় পদার্থ পাওয়া গেছে। সেগুলো হেরোইন কি না, পরীক্ষার মাধ্যমে তা নিশ্চিত হওয়া যাবে।

এর আগেও ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছেন ইশরাক হোসেন। আসনটিকে মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতাও চেয়েছেন তিনি।

এনএনবাংলা/