রিয়াদে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সৌদি আরবে হুতিদের হামলার পরিস্থিতিতে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
শনিবার (১৭ অক্টোবর) বিকালে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে যাত্রীদের হালনাগাদ তথ্য জানানো হবে।
এদিকে জেদ্দা ও মদিনা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীদের চাপ সামলাতে ১৮ অক্টোবর পর্যন্ত মদিনা রুটে অধিক ধারণক্ষমতার উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। ১৯ অক্টোবর থেকে এ রুটে নিয়মিত বোয়িং ৭৮৭ উড়োজাহাজ চলাচল করবে। বাড়তি চাহিদা বিবেচনায় জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনারও উদ্যোগ নেওয়া হয়েছে।
ফ্লাইটের সময়সূচি, টিকিট ও বুকিংসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
এনএনবাংলা/
