সাম্প্রতিক
Skip to content

অফিসার্স ক্লাব থেকে উদ্ধার সাবেক অতিরিক্ত সচিব, হাসপাতালে মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের ভেতরে নির্মাণাধীন ভবন থেকে শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনকে (৭২) রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাতে হাসপাতালে তার মৃত্যু হয়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মিয়া বিষয়টি নিশ্চিত করেন। ওসি জানান, শুক্রবার সকাল ১০টার দিকে ছোট মেয়েকে সাঁতার শেখাতে অফিসার্স ক্লাবে যান মোশাররফ হোসেন। মেয়েকে সুইমিংপুলের কাছে রেখে তিনি নির্মাণাধীন ভবনটির ভেতরে যান। বেলা ১১টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শাহবাগের বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর বনানীর একটি বাড়িতে বসবাস করতেন।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, সকালে মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবের সুইমিংপুলে গিয়েছিলেন মোশাররফ হোসেন। তিনি চোখে কম দেখতেন। ধারণা করা হচ্ছে, ভবনটির তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে তাঁর মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে।

ডিসি শেখ জাহিদুল ইসলাম আরও জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। এ কারণে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পারিবারিক সূত্র জানিয়েছে, মোশাররফ হোসেনের বড় মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি দেশে ফেরার পর তাঁর বাবার দাফন সম্পন্ন করা হবে।

এনএনবাংলা/এফএস