বাংলাদেশে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের ‘হাব’ গড়তে চায় ইতালি

বাংলাদেশে উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহল (এমআরও) কার্যক্রমের জন্য একটি হাব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি। একই সঙ্গে ঢাকা-রোম রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানো এবং বাংলাদেশের এভিয়েশন খাতে ইতালীয় বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।
বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। এ সময় দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফেদেরিকো জাম্পারেল্লিও উপস্থিত ছিলেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহ ইতালির
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশের এভিয়েশন খাতে ইতালীয় বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহল কার্যক্রমের জন্য এমআরও হাব গড়ে তোলার সম্ভাবনা তুলে ধরেন ইতালির রাষ্ট্রদূত।
এ ক্ষেত্রে ইতালির সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এজ কোম্পানি, এয়ারটেক এসপিএ এবং জিলারডোনির অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি।
এমআরও হাব প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ ও মেরামতসংশ্লিষ্ট কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।
ঢাকা-রোম রুটে ফ্লাইট বাড়ানোর আলোচনা
বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যে আকাশপথে যোগাযোগ সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পায়। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-রোম রুটে সপ্তাহে ছয়টি ফ্লাইট পরিচালনা করছে।
ইতালি সরকার এ রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াতে আগ্রহী বলে বৈঠকে জানান রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ইউরোপে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসীর সুবিধার কথা বিবেচনা করে নতুন উড়োজাহাজ সংযোজনের পর ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হবে।
কক্সবাজারসহ পর্যটন গন্তব্য নিয়ে আলোচনা
বৈঠকে বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে আন্তর্জাতিক পর্যটকদের জন্য কক্সবাজারসহ দেশের বিভিন্ন পর্যটন গন্তব্যে যাতায়াত আরও সহজ ও আকর্ষণীয় করে তোলার বিষয়টি গুরুত্ব পায়।
এ ছাড়া বিদেশি পর্যটকদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও উন্নত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে বিশেষ ‘রেড জোন’ গঠনের বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিমান যোগাযোগ সম্প্রসারণ, এভিয়েশন খাতে বিনিয়োগ এবং পর্যটন অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা উঠে আসে।
এনএনবাংলা/
