যান্ত্রিক ত্রুটিতে ঢাকায় বিমানের জরুরি অবতরণ

যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি বার্তা পাঠানোর পর কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৪৩৬ আজ (১০ অক্টোবর) বিকেল ১৫:১০ টায় রাজধানীতে নিরাপদে অবতরণ করেছে।
বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানায়,, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ড্যাশ ৮-৪০০ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছিল। দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে এটি। উড়োজাহাজটির দুপুর আড়াইটায় ঢাকায় অবতরণের কথা ছিল। তবে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। পরে ঢাকার আকাশে প্রায় ৪০ মিনিট চক্কর দেওয়ার পর বিকেল ৩টা ১০ মিনিটে অবতরণ করে।
এ ঘটনায় সব যাত্রী ও ক্রু সদস্য আহত হননি।
বিলম্বের কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং যাত্রী নিরাপত্তা ও অপারেশনাল মান বজায় রাখতে তাদের সর্বোচ্চ প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করছে।
এদিকে জরুরি অবতরণের প্রস্তুতি হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সাময়িকভাবে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখা হয়। ঢাকা টাওয়ারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়েটি বন্ধ ছিল। এ সময় সব ধরনের ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ স্থগিত রাখা হয়।
এনএনবাংলা/এফএস
