বিমানের প্রধান কার্যালয় ‘বলাকা’য় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় ‘বলাকা’য় সাংবাদিকদের প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহের জন্য প্রধান কার্যালয়ে যাওয়া সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।
বিমানের জনসংযোগ কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইজার সোহেল আহমেদের নির্দেশেই আগামী দুই দিন সাংবাদিকদের বলাকার ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না।
মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এমডি স্যার নির্দেশ দিয়েছেন, আগামী দুই দিন কোনো সাংবাদিককে যাতে ভেতরে আসতে না দিই।’ একই সঙ্গে তিনি সাংবাদিকদের দুই দিন অপেক্ষা করার অনুরোধ জানান।
সকাল থেকে বলাকার প্রধান ফটকে যাওয়া কয়েকজন সাংবাদিক জানান, তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ভেতরে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাদের জানান, সাংবাদিকদের প্রবেশের অনুমতি নেই। ফলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা করা বা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ না করেই তাদের ফিরে আসতে হয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা। তারা বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। তাই কোনো ব্যাখ্যা ছাড়াই সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া অযৌক্তিক।
এদিকে, ঠিক কী কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় বলাকায় সাংবাদিকদের জন্য দুই দিনের এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সে বিষয়ে বিমানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
এনএনবাংলা/
