নাইটক্লাবে সাদ-সোহেলের ভিডিও নিয়ে মুখ খুললেন সেই নারী, কী বললেন?

ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯-২ গোলে বিশাল হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জাতীয় দলের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রের একটি ভিডিও নিয়ে মুখ খুলেছেন ইন্দোনেশিয়ার নারী আলানা। ভাইরাল হওয়া ভিডিও ও ছবিগুলো ইন্দোনেশিয়ায় নয়, দুই মাস আগে নেপালে ধারণ করা হয়েছিল বলে দাবি করেছেন তিনি।
শুক্রবার এক্সে দেওয়া নতুন এক পোস্টে আলানা বলেন, ‘শুধু স্পষ্ট করে বলতে চাই, ছবি ও ভিডিওগুলো দুই মাস আগে নেপালে তোলা। সেখানে আমি সত্যিই ভালো মনের ও পেশাদার কিছু বন্ধুর সঙ্গে দেখা করেছিলাম।’
ভাইরাল হওয়া ভিডিওতে সাদ ও সোহেলকে তিন নারীর সঙ্গে দেখা যায়। আরেকটি ভিডিওতে গানের সঙ্গে সাদকে নাচতেও দেখা যায়। বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচের পর ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় অনেকেই ধারণা করেছিলেন, এগুলো ম্যাচের পর ইন্দোনেশিয়ায় ধারণ করা হয়েছে।
তবে আলানা তার নতুন পোস্টে জানান, ভ্রমণের ছবি ও ভিডিও তিনি সাধারণত সঙ্গে সঙ্গে প্রকাশ করেন না। এ কারণে পুরোনো ছবি-ভিডিও পরে প্রকাশ পাওয়ায় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।
তিনি লেখেন, ‘পোস্টগুলোর কারণে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকলে আমি দুঃখিত। আমি সব সময়ই দেরিতে পোস্ট করি। ভ্রমণের সময় খুব কমই কিছু শেয়ার করি। কারণ আমি নিজের অবস্থান গোপন রাখতে এবং মুহূর্তটা উপভোগ করতে পছন্দ করি। এটুকুই।’

এর আগে সাদ উদ্দিন ও সোহেল রানাও জানিয়েছিলেন, ভাইরাল হওয়া ভিডিওটি ইন্দোনেশিয়ার নয়। জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে মোহামেডানে যোগ দেওয়ার পর অবসর সময়ে তারা নেপাল ভ্রমণে গিয়েছিলেন। সেখানেই আলানার সঙ্গে তাদের পরিচয় হয় বলে জানান তারা।
তাদের ভাষ্য, ‘মোহামেডানে সাইন করার পর আমরা ফ্রি ছিলাম। জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগে নেপালে ঘুরতে গিয়েছিলাম। তখন একটি (লোডা) ক্লাবে তার সঙ্গে দেখা ও পরিচয় হয়েছিল। এটি জাকার্তা বা ইন্দোনেশিয়ায় নয়।’
তবে আলানার নতুন বক্তব্যের সঙ্গে তার আগের একটি পোস্টের পার্থক্য রয়েছে। এর আগে তিনি জানিয়েছিলেন, বাংলাদেশি ফুটবলারদের সঙ্গে ইন্দোনেশিয়ায় তার দেখা হয়েছিল এবং তারা তাকে বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচ দেখতে আমন্ত্রণ জানিয়েছিলেন। পরে সেই পোস্টটি মুছে দেন তিনি।
এদিকে, ঘটনার পর নিজের এক্স আইডিও ডিজেবল করে রেখেছেন আলানা।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯-২ গোলে হারের পরই সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রকে নিয়ে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দুই ফুটবলারকে এক নারীর সঙ্গে একটি ক্লাবের পরিবেশে দেখা যায়। ছবিটি কখন ও কোথায় তোলা হয়েছিল, তা নিয়েই মূলত তৈরি হয় বিভ্রান্তি।
এনএনবাংলা/
