ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়?

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বাল্যবিবাহ নিষিদ্ধ করা হয়েছে। গভর্নর গ্যাভিন নিউসম নতুন আইনে স্বাক্ষর করেছেন। আগামী ১ জানুয়ারি থেকে আইনটি কার্যকর হলে ১৮ বছরের কম বয়সী কেউ আর বাবা-মায়ের সম্মতি কিংবা আদালতের অনুমোদন নিয়েও বিয়ে করতে পারবে না।
নতুন আইনের আগে ক্যালিফোর্নিয়ায় অপ্রাপ্তবয়স্কদের বিয়ের ক্ষেত্রে বাবা-মায়ের সম্মতির পাশাপাশি বিচারকের অনুমোদনের সুযোগ ছিল। নতুন আইন কার্যকর হওয়ার পর সেই ব্যতিক্রমও আর থাকছে না। খবর বিবিসির।
আইনে স্বাক্ষরের সময় গভর্নর নিউসম বলেন, তরুণ ও অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় এ পদক্ষেপ অনেক আগেই নেওয়া উচিত ছিল। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন শিশুবিবাহবিরোধী আন্দোলনকর্মী কোর্টনি স্টডেন।
মাত্র ১৬ বছর বয়সে বাবা-মায়ের সম্মতিতে ৫০ বছর বয়সী হলিউড অভিনেতা ডগ হাচিসনকে বিয়ে করেছিলেন স্টডেন। পরবর্তীতে তিনি শিশুবিবাহের বিরুদ্ধে সোচ্চার হন।
বাল্যবিবাহের অভিজ্ঞতা জানালেন ভুক্তভোগীরা
ক্যালিফোর্নিয়ার নতুন আইনকে স্বাগত জানিয়েছেন শিশুবিবাহ থেকে বেঁচে যাওয়া নারীরাও। সাবেক শিশু-কনে ব্রিটানি বি বিবিসিকে বলেন, ক্যালিফোর্নিয়ার এই সিদ্ধান্ত শিশুদের জন্য আশার বার্তা।
তিনি জানান, ১৭ বছর বয়সে পারিবারিক নির্যাতন থেকে বেরিয়ে আসার জন্য তাকে বিয়ে করতে হয়েছিল। পরে স্বামীর কাছ থেকেও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেন তিনি।
আরেক ভুক্তভোগী সারা তাসনিম জানান, মাত্র ১৫ বছর বয়সে তার চেয়ে প্রায় দ্বিগুণ বয়সী এক ব্যক্তির সঙ্গে তাকে বিয়ে দেওয়া হয়। বিয়ের দিন সকালে প্রথমবার স্বামীর সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।
পরের বছর ১৬ বছর বয়সে মা হন তাসনিম। এর ফলে তাকে পড়াশোনা ছেড়ে দিতে হয়। তিনি জানান, ২০১৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় শিশুবিবাহ বন্ধের দাবিতে কাজ করছেন। দীর্ঘ প্রচেষ্টার পর নতুন আইন পাস হওয়াকে তিনি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখছেন।
যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে কেন নিষিদ্ধ নয়?
যুক্তরাষ্ট্রে প্রায় এক দশক আগেও সব অঙ্গরাজ্যে কোনো না কোনোভাবে অপ্রাপ্তবয়স্কদের বিয়ের আইনি সুযোগ ছিল। এরপর বিভিন্ন অঙ্গরাজ্য আইন পরিবর্তন করতে শুরু করে।
গভর্নরের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ক্যালিফোর্নিয়া বাল্যবিবাহ পুরোপুরি নিষিদ্ধ করা ১৮তম অঙ্গরাজ্য। নতুন আইন কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্রের ১৭টি অঙ্গরাজ্যে কোনো ধরনের ব্যতিক্রম ছাড়াই বাল্যবিবাহ নিষিদ্ধ থাকবে।
অর্থাৎ, ক্যালিফোর্নিয়াসহ ১৮টি অঙ্গরাজ্যে ১৮ বছরের নিচে বিয়ের সুযোগ পুরোপুরি বন্ধ হলেও বাকি ৩২টি অঙ্গরাজ্যে নির্দিষ্ট পরিস্থিতিতে অপ্রাপ্তবয়স্কদের বিয়ের আইনি সুযোগ এখনো রয়েছে।
শিশুবিবাহবিরোধী সংগঠন ‘আনচেইনড অ্যাট লাস্ট’-এর হিসাবে, ক্যালিফোর্নিয়ায় প্রতিবছর প্রায় ৯ হাজার মেয়ের বিয়ে হতো। সংগঠনটির দাবি, এসব বিয়ের প্রায় সব ক্ষেত্রেই মেয়েদের সঙ্গে প্রাপ্তবয়স্ক পুরুষের বিয়ে দেওয়া হতো।
অধিকারকর্মীদের মতে, যুক্তরাষ্ট্রের অনেক মানুষই জানেন না যে দেশটির বেশ কয়েকটি অঙ্গরাজ্যে এখনো নির্দিষ্ট পরিস্থিতিতে শিশুবিবাহের আইনি সুযোগ রয়েছে। তাদের অভিযোগ, এসব বিয়েতে জোরপূর্বক সম্পর্ক, নির্যাতন এবং অপ্রাপ্তবয়স্কদের অসহায় অবস্থায় আটকে পড়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
‘৫০ অঙ্গরাজ্যেই বন্ধ করতে হবে’
কোর্টনি স্টডেন ক্যালিফোর্নিয়ার নতুন আইনকে স্বাগত জানিয়ে এটিকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেছেন। তবে তার মতে, যুক্তরাষ্ট্রের সব, অর্থাৎ ৫০ অঙ্গরাজ্যে বাল্যবিবাহ বন্ধ না হওয়া পর্যন্ত এ নিয়ে কাজ চালিয়ে যেতে হবে।
ক্যালিফোর্নিয়ার নতুন আইন কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্রে বাল্যবিবাহ নিষিদ্ধ অঙ্গরাজ্যের সংখ্যা দাঁড়াবে ১৮টিতে। ফলে প্রশ্ন থেকে যাচ্ছে—বাকি ৩২টি অঙ্গরাজ্যে নির্দিষ্ট পরিস্থিতিতে অপ্রাপ্তবয়স্কদের বিয়ের সুযোগ কেন এখনো রয়েছে?
এনএনবাংলা/
