চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও সংশ্লিষ্ট ওভারফ্লো ইয়ার্ড ১৫ বছর মেয়াদে আন্তর্জাতিক টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় এ জন্য চুক্তির খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব সিপিএ’স নিউমুরিং কনটেইনার টার্মিনাল, ইনক্লুডিং ওভারফ্লো ইয়ার্ড’ শীর্ষক পিপিপি প্রকল্পের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, নিউমুরিং কনটেইনার টার্মিনাল এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ওভারফ্লো ইয়ার্ড ১৫ বছর মেয়াদে একটি আন্তর্জাতিক টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হবে। এ জন্য স্বাক্ষরিতব্য রেয়াতি চুক্তির খসড়া চূড়ান্ত অনুমোদনের বিষয়টি বৈঠকে উপস্থাপন করা হয়। কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এনসিটি পরিচালনায় আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগাতেই পিপিপির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নিয়ে এরই মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড এনসিটি পরিচালনার জন্য প্রস্তাব দেওয়ার পর বিষয়টি আরও আলোচনায় আসে। সরকার প্রক্রিয়া এগিয়ে নিলেও শুরু থেকেই এনসিটি বিদেশিদের হাতে দেওয়ার বিরোধিতা করে আসছে বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠন। এ নিয়ে ধারাবাহিকভাবে আন্দোলনও করছেন তারা।
এনএনবাংলা/
