সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বোয়িংয়ের পর বিমানের বহরে আসছে এয়ারবাস, অক্টোবরে চুক্তির সম্ভাবনা

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে কথা বলেছেন বিমানমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত। ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে এবার যুক্ত হচ্ছে এয়ারবাস। চারটি এ৩৫০-৯০০ ওয়াইড বডি ও ছয়টি এ৩২১ নিও ন্যারো বডি উড়োজাহাজ কেনার বিষয়ে আলোচনা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবরেই এয়ারবাসের সঙ্গে চুক্তি হতে পারে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত।

এয়ারবাস থেকে আসছে ১০ উড়োজাহাজ

মন্ত্রী জানান, বিমানের জন্য এয়ারবাস থেকে চারটি এ৩৫০-৯০০ ওয়াইড বডি এবং ছয়টি এ৩২১ নিও ন্যারো বডি কেনার লক্ষ্যে আলোচনা চলছে। টেকসই মিশ্র বহর তৈরির পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী মাসে এ বিষয়ে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

যাত্রী চাহিদা, বিমানের নেটওয়ার্ক ফ্লিট পরিকল্পনা, উড়োজাহাজের পরিসর ও যাত্রী ধারণক্ষমতা, ফ্লাইটপ্রতি সম্ভাব্য যাত্রী এবং সাপ্তাহিক ফ্রিকোয়েন্সি বিবেচনায় ওয়াইড বডি ও ন্যারো বডি উড়োজাহাজের সংখ্যা নির্ধারণ করা হয়েছে বলে জানান মন্ত্রী।

২৫ বোয়িং কেনার চুক্তি

এর আগে বহর সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে গত ৩০ এপ্রিল ১৪টি বোয়িং কেনার চুক্তি সই করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওই চুক্তির ‘রাইট টু পারচেজ অ্যাডিশনাল এয়ারক্রাফট’-এর আওতায় গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে আরও ১১টি বোয়িং কেনার চুক্তি সই হয়েছে।

নতুন চুক্তির ১১টি উড়োজাহাজের মধ্যে পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ওয়াইড বডি এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স ন্যারো বডি। ৩০ এপ্রিলের চুক্তিতে নির্ধারিত একই দরে এসব উড়োজাহাজ কেনার সম্পূরক চুক্তি করা হয়েছে।

সব মিলিয়ে বিমানের জন্য ২৫টি বোয়িং কেনার চুক্তি হয়েছে। এর মধ্যে দুটি বি৭৮৭-৯ ও ১৩টি বি৭৮৭-১০সহ মোট ১৫টি ওয়াইড বডি এবং ১০টি বি৭৩৭-৮ ম্যাক্স ন্যারো বডি উড়োজাহাজ রয়েছে।

২০৩১ সালে শুরু হতে পারে ডেলিভারি

চুক্তির শর্ত অনুযায়ী, ২০৩১ সালের নভেম্বরে প্রথম উড়োজাহাজ ডেলিভারি দেওয়ার কথা রয়েছে। ২০৩৫ সালের মধ্যে সর্বশেষ উড়োজাহাজ ডেলিভারি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে ২০২৭-২৮ সালের মধ্যে অন্তত একটি উড়োজাহাজ ডেলিভারি দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে বলে জানান মন্ত্রী।

কোন রুটে ব্যবহার হবে নতুন উড়োজাহাজ

মন্ত্রী বলেন, ওয়াইড বডি উড়োজাহাজ মূলত মধ্যপ্রাচ্যের উচ্চ চাহিদার রুট এবং ইউরোপ ও উত্তর আমেরিকার দীর্ঘ রুটে ব্যবহার করা হবে। অন্যদিকে, ন্যারো বডি উড়োজাহাজ আঞ্চলিক ও স্বল্পদূরত্বের রুটে ব্যবহার করা হবে। এগুলো বিমানের পুরোনো ৭৩৭-৮০০ উড়োজাহাজও প্রতিস্থাপন করবে।

ইথিওপিয়ান এয়ারলাইন্সের মডেল অনুসরণ

বহর সম্প্রসারণে ইথিওপিয়ান এয়ারলাইন্সের মডেল অনুসরণ করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, একটি ছোট লিগ্যাসি ক্যারিয়ার থেকে বর্তমানে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বহরে ১৬৭টি উড়োজাহাজ রয়েছে। বিপরীতে বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে রয়েছে মাত্র ১৯টি উড়োজাহাজ।

তার ভাষ্য, ইথিওপিয়ার তুলনায় বাংলাদেশের জিডিপি বেশি এবং দেশের বিমানবন্দরগুলোতে যাত্রী চাহিদাও বেশি। বর্তমানে মোট চাহিদার তুলনায় বিমান ২০ শতাংশের কিছু বেশি পরিবহন করতে পারছে। বাকি ৮০ শতাংশ বিদেশি এয়ারলাইন্সের দখলে। তাই উড়োজাহাজের স্বল্পতা দূর করতে সরকার সময়োপযোগী উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগে কোনো ভূরাজনৈতিক প্রভাব নেই বলেও জানান তিনি।

নিজস্ব আয়েই পরিশোধ হবে উড়োজাহাজের মূল্য

মন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি পাবলিক লিমিটেড কোম্পানি। বিমানের নিজস্ব আয় ও উপযুক্ত অর্থায়নের মাধ্যমে উড়োজাহাজ কেনার মূল্য পরিশোধ করা হবে। ডেলিভারি ধাপে ধাপে হওয়ায় অর্থ পরিশোধও ধাপে ধাপে করা হবে।

বিমানের আর্থিক সক্ষমতা, বিভিন্ন রুটের আয় এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির পূর্বাভাস বিবেচনায় নিয়েই বহর সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে বলে জানান মন্ত্রী। তার দাবি, এতে সরাসরি রাষ্ট্রীয় বাজেটের ওপর চাপ পড়বে না।

এনএনবাংলা/