ভারতে বিদেশি পর্যটক বেড়েছে, শীর্ষে বাংলাদেশ

ভারতে গত আগস্টে বিদেশি পর্যটকের আগমন বেড়েছে ১০ দশমিক ৬ শতাংশ। গত দুই বছরেরও বেশি সময়ের মধ্যে কোনো একক মাসে বিদেশি পর্যটক আগমনে এটিই সর্বোচ্চ প্রবৃদ্ধি। এই বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা বৃদ্ধি।
ভারতের পর্যটন মন্ত্রণালয়ের সংকলিত প্রাথমিক তথ্যের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দুর বিজনেসলাইন।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে ভারতে বিদেশি পর্যটক এসেছিলেন ৬ দশমিক ২৫ লাখ। চলতি বছরের আগস্টে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৯১ লাখে।
পর্যটক আগমনের দিক থেকে আগস্টে শীর্ষে ছিল বাংলাদেশ ও চীন। বিশেষ করে বাংলাদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ায় ভারতের মোট বিদেশি পর্যটক আগমনে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম ভারতে বিদেশি পর্যটক আগমনে দুই অঙ্কের প্রবৃদ্ধি দেখা গেল।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সাল পর্যন্ত ভারত ভ্রমণে বাংলাদেশ ছিল দেশটির অন্যতম প্রধান পর্যটক উৎস। দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক টানাপোড়েন বাড়লেও আগস্টে ভারত ভ্রমণকারী বাংলাদেশির সংখ্যা প্রায় ৮০ শতাংশ বেড়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই মাসে বাংলাদেশ থেকে ৭৪ হাজারের বেশি মানুষ ভারতে গেছেন।
এদিকে চীন থেকেও ভারতে পর্যটক আগমন উল্লেখযোগ্য হারে বেড়েছে। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগস্টে চীনা পর্যটকের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০০ শতাংশের বেশি বেড়ে ৯ হাজার ছাড়িয়েছে।
এ ছাড়া আগস্টে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে ভারতে পর্যটক আগমন প্রায় ৩ শতাংশ বেড়েছে। কানাডা, জার্মানি, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা থেকেও পর্যটক আগমনের হার বেড়েছে ১০ থেকে ১৫ শতাংশ।
ফলে বাংলাদেশ ও চীনসহ বিভিন্ন দেশ থেকে পর্যটক আগমনের ঊর্ধ্বগতিতে আগস্টে ভারতের আন্তর্জাতিক পর্যটন খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।
এনএনবাংলা/
