সাম্প্রতিক
জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলো অনুদান চায়, ঋণ নয় বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের প্রতি ডা. জুবাইদার আহ্বান রমজানে টিসিবির পণ্য বিক্রি নিয়ে সুখবর নাশকতার অভিযোগে ঢাবির ২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত ফের লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা নিউমোনিয়ায় দেশে প্রতিদিন ৭৩ শিশু মারা যায় মোবাইল কোর্টের কার্যক্রমে ভিডিও ধারণ ও প্রচারে মিডিয়া সেল গঠনের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ককটেল আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী অভিশংসন প্রস্তাব ব্যর্থ, হেগসেথকে ছাড় দেবে না ডেমোক্র্যাটরা হামজা-ফারহানদের গোলবন্যার রাত, শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ
Skip to content

দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন

ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপে তুমুল ঝগড়া, চিৎকার-চেঁচামেচি

ফাইল ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ইরান ইস্যুতে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানো হবে কি না, তা নিয়ে দুই নেতার ফোনালাপে উত্তপ্ত বাক্যবিনিময় ও চিৎকার-চেঁচামেচি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর বিষয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর অবস্থান সম্পূর্ণ বিপরীত। নেতানিয়াহু নতুন করে হামলার জন্য চাপ দিলেও ট্রাম্প আপাতত কূটনৈতিক পথেই এগোতে চান। এ নিয়ে দুই নেতার মধ্যে উত্তেজনা বাড়ে।

ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটের বরাতে জানা গেছে, ফোনালাপে নেতানিয়াহু ইরানে সামরিক হামলার পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে ট্রাম্প কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার পক্ষে অবস্থান নেন। একপর্যায়ে কথোপকথনটি তীব্র চিৎকার-চেঁচামেচিতে রূপ নেয় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে দাবি করা হয়েছে।

তবে ফোনালাপে উত্তপ্ত পরিস্থিতির খবর অস্বীকার করেছে নেতানিয়াহুর দপ্তর। কথোপকথনের বিষয়টি নিশ্চিত করলেও দপ্তরের দাবি, আলোচনা ‘মোটেও কঠিন ছিল না’।

এদিকে ফক্স নিউজকে হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং ইরানের অর্থনীতি ধসে পড়ার কারণে যুক্তরাষ্ট্র এখন অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। তিনি জানান, ইতিহাসের সবচেয়ে বড় নৌ অবরোধ, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ এবং নতুন ‘অপারেশন আয়রন গেট’ পূর্ণমাত্রায় অব্যাহত থাকবে।

ওই মুখপাত্র আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্বার্থে যা সবচেয়ে ভালো, তিনি সেটিই করবেন। এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে দ্য ইন্ডিপেন্ডেন্ট।

অন্যদিকে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ আবারও শুরু করার জন্য ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করতে প্রায় প্রতিদিনই ফোন করছেন নেতানিয়াহু।

এর আগেও ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এই দুই নেতার মধ্যে উত্তপ্ত কথোপকথনের খবর প্রকাশিত হয়েছে। চলতি বছরের শুরুর দিকে এক ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে ‘একেবারে পাগল’ বলেছিলেন বলে খবর আসে।

জুনে পডকাস্ট উপস্থাপক ও রক্ষণশীল ভাষ্যকার মিরান্ডা ডিভাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বিষয়টি স্বীকারও করেন। নেতানিয়াহুকে তিনি বলেছিলেন কি না—‘তুমি কি পাগল হয়ে গেছ? কী করছ তুমি? তোমাকে জেলে যাওয়া থেকে আমি বাঁচিয়েছি?’—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, বলেছিলাম।’

তবে ট্রাম্প দাবি করেন, ওই সময় তিনি রাগান্বিত ছিলেন না, কিছুটা বিরক্ত হয়েছিলেন। লেবাননে নেতানিয়াহুর অব্যাহত হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, একপর্যায়ে নেতানিয়াহুকে হামলা বন্ধ করতে বলেছিলেন। যদিও ওই সময়ও দুই নেতার সম্পর্ক স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ বলে দাবি করেন ট্রাম্প।

এদিকে ইরানের বিরুদ্ধে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর ক্ষেত্রে ইসরাইল তাকে প্রভাবিত করেছিল—এমন অভিযোগও বারবার অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে সংঘাত আরও বিস্তৃত হওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। বুধবার বৈরুতভিত্তিক সংবাদমাধ্যম আল-মায়াদিনকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান শুধু কাছাকাছি অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে সীমাবদ্ধ থাকবে না।

তিনি বলেন, ইউরোপের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের কিছু সামরিক ঘাঁটিও ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে।

যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক মাস ধরে আলোচনা চললেও তা অচলাবস্থায় রয়েছে। দুই পক্ষই নিজেদের দাবিতে অনড় থাকায় এখনো সমঝোতার কোনো পথ তৈরি হয়নি।

এনএনবাংলা/