নুসরাতের বাড়িতে আগুন: পেট্রল বোমার আলামত মেলেনি, শর্টসার্কিটের সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক তদন্তে পেট্রল বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় সংসদের বৈঠকে নুসরাতের বাড়িতে আগুনের ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, ঘটনাস্থলের ছবি, দেয়াল ও অন্যান্য আলামত পর্যালোচনা করে প্রাথমিকভাবে শর্টসার্কিটের বিষয়টি সামনে এসেছে। বাড়িটি পুরোনো হওয়ায় এবং বৈদ্যুতিক তারের সংযোগ দুর্বল থাকায় এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাড়িটিতে কেউ বসবাস করতেন না। নুসরাতের বাবা-মা ঘটনাস্থল থেকে প্রায় ২০ মিটার দূরে অন্য একটি বাড়িতে থাকতেন। আগুন লাগা বাড়িতে দুটি ছাগল ও কিছু জিনিসপত্র ছিল। সেখানে কেয়ারটেকারের জুতা তৈরির সরঞ্জাম ও কাপড় রাখা ছিল। আগুনে এসব জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি ছাগল মারা গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ জিডির ভিত্তিতে তদন্ত করছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে নিয়ে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কারও নাশকতামূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা পাওয়া গেলে অধিকতর তদন্তের মাধ্যমে তা প্রমাণিত হওয়ার পর কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার খবর পাওয়ার পরপরই প্রশাসন ব্যবস্থা নেয় উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একজন সংসদ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টি সবার জন্যই উদ্বেগের বলে মন্তব্য করেন তিনি।
এর আগে সংসদে বিষয়টি তুলে ধরে সরকারের কাছে জবাবদিহি ও নিরাপত্তা দাবি করেন বিরোধীদলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৃহস্পতিবার সংসদের বৈঠকের প্রশ্নোত্তর পর্বে তিনি এ প্রসঙ্গ উত্থাপন করেন।
নাহিদ ইসলাম বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে আগুনের ঘটনা অত্যন্ত গুরুতর। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের পাশাপাশি সংসদ সদস্যদের জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। সরকার নিরাপত্তা দিতে না পারলে তা স্পষ্ট করে জানানো উচিত।
তিনি অভিযোগ করেন, দেশে একের পর এক পেট্রল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। গত মঙ্গলবার নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান ওই হামলার ঘটনা নিজেই সামাজিকমাধ্যমে প্রচার করেন বলেও উল্লেখ করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় পুলিশ সুপার যেখানে ফরেনসিক পরীক্ষা শেষ হয়নি বলে জানিয়েছেন, সেখানে থানার ওসি কীভাবে পেট্রল বোমার আলামত নেই বলে মন্তব্য করেন? তদন্ত শেষ হওয়ার আগেই এমন বক্তব্য দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সরকারের ভূমিকার সমালোচনা করে নাহিদ বলেন, আওয়ামী লীগের বিষয়ে সরকারের আপসকামী মনোভাব দেখা যাচ্ছে। তাদের পরিবারের সদস্যরা আক্রান্ত হলে ভবিষ্যতে বিএনপির পরিবারও ফ্যাসিবাদী শক্তির হামলার শিকার হতে পারে বলে সতর্ক করেন তিনি।
উল্লেখ্য, বুধবার দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় এনসিপি পেট্রল বোমা হামলার অভিযোগ তুলে আওয়ামী লীগকে দায়ী করে। নুসরাত তাবাসসুমও একই অভিযোগ করেন। অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন সামাজিকমাধ্যমে আগুনের ঘটনাকে নিজেদের সফলতা হিসেবে দাবি করে উল্লাস প্রকাশ করেন। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি তদন্তসংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এনএনবাংলা/

