স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ব্যর্থতার দায় নিয়ে দুই মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে এনসিপির সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এ দাবি জানান নাহিদ ইসলাম। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, জ্বালানি খাতের সংকট ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর শুক্রবার রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা দিয়েছে দলটি। এ কর্মসূচি সামনে রেখে শুক্রবার থেকে লিফলেট বিতরণ শুরু হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, দেশের আইনশৃঙ্খলা ও জ্বালানি খাতে সবচেয়ে বেশি অবনতি হয়েছে। একদিকে সন্ত্রাসী ও মাদক কারবারিদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, অন্যদিকে সাধারণ মানুষ ও বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকায় ৬০টি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের দুর্ভোগ তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, মানুষ বাজারে গিয়ে এক বা দুই ধরনের বেশি সবজি কিনতে পারছে না। মধ্যবিত্ত পরিবারগুলো আগে মাসে যত ডিম কিনত, এখন তার অর্ধেকও কিনতে পারছে না।
দুই মন্ত্রীর পদত্যাগ দাবি করে নাহিদ ইসলাম বলেন, ‘ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আপনারা দেখবেন, জ্বালানিমন্ত্রীকে কথাও বলতে দেওয়া হয় না।’
জ্বালানি খাতের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের পর এলপিজি গ্যাসের দাম ১ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮০০ টাকা করা হয়েছে। অথচ বাজারে তা আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, সাংবাদিকদের ওপর দমন-পীড়ন বাড়ছে এবং বিভিন্ন স্থানে প্রকাশ্যে সাংবাদিকদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই। নেত্রকোনায় প্রকাশ্যে গুলি করে এক সাংবাদিককে হত্যা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় সংবিধান সংশোধন কমিটির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি গঠন জনগণের সঙ্গে প্রহসনের শামিল। এ কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। পাশাপাশি সাইবার আইনে প্রস্তাবিত সংশোধনী কোনোভাবেই সংসদে পাস হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
এনসিপির এ কর্মসূচিতে দলটির সদস্যসচিব আখতার হোসেন, ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী নাসিরুদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/
