আজ থেকে আবারও রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মার্কেট, শপিং মল ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির মেয়াদ শেষ হয়েছে। ফলে আজ শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে এসব প্রতিষ্ঠান। এতে মার্কেট ও দোকানপাট বন্ধের সময় দুই ঘণ্টা এগিয়ে এসেছে।
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। চলতি বছর বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে কয়েক দফায় দোকানপাট ও মার্কেট খোলা রাখার সময়সূচি পরিবর্তন করেছে সরকার।
সর্বশেষ গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতি দেয়। নির্দেশনা অনুযায়ী, এ সময় বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সুযোগ ছিল।
তবে ওই বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার থেকে আবারও আগের সময়সূচি কার্যকর হয়েছে। ফলে এখন থেকে বেলা ১১টায় খোলা এবং রাত ৮টায় বন্ধ করতে হবে মার্কেট, শপিং মল ও দোকানপাট।
এনএনবাংলা/
