দাম্মাম ও রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দাম্মাম ও রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্যে ঢাকা থেকে দাম্মামগামী ফ্লাইট ২৩, ২৪ ও ২৫ অক্টোবর বাতিল করা হয়েছে। অন্যদিকে, রিয়াদ রুটের সব ফ্লাইট আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার রাতে সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দাম্মাম রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে চলমান বিমান হামলার পরিস্থিতি বিবেচনায় রিয়াদ রুটেও ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়ানো হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানিয়েছেন, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং সংশোধিত যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে।
তবে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী বিমানের ফ্লাইট পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা বা মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যেতে পারবেন। একইভাবে, এসব বিমানবন্দর দিয়ে দেশে ফেরার সুযোগও থাকবে।
এদিকে, ফ্লাইট স্থগিতের কারণে যাত্রাসূচি নিয়ে অনিশ্চয়তায় থাকা যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্য জানতে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশনা ও সংশোধিত সময়সূচি প্রকাশ করা হলে যাত্রীরা সে অনুযায়ী ভ্রমণ পরিকল্পনা করতে পারবেন।
এনএনবাংলা/
