পূজার ছুটিতে খোলা থাকবে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন

পূজার ছুটিতে প্রতিদিন খোলা থাকবে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটির দিন আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআর। ইতিমধ্যে দেশের সব কাস্টমস কমিশনারকে এটি জানিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনার সুবিধার জন্য এ নির্দেশের কথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ফরেন চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনসহ সব পক্ষকে জানানো হয়।
দুই ঈদের ছুটিতেও প্রতিদিনই সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা ছিল। তবে আমদানি–রপ্তানি হয়েছে খুবই কম।
এনএনবাংলা/এনজেড
