বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠান পেল বিশেষ সুবিধা
ঋণখেলাপি বেক্সিমকো গ্রুপের দুটি প্রতিষ্ঠানকে নতুন করে বিশেষ ব্যাংকিং সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় সোনালী ব্যাংকে শাইনপুকুর সিরামিকসের ১০৫ কোটি টাকার চলতি মূলধন সীমা আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত নবায়নের সুযোগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ন্যাশনাল ব্যাংকে বেক্সিমকো এলপিজির অনুকূলে ঋণপত্র (এলসি) খোলার অনুমোদনও দেওয়া হয়েছে। এ বিষয়ে সোমবার (১২ অক্টোবর) পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাইনপুকুর সিরামিকস লিমিটেড ঋণখেলাপি হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানটির অনুকূলে সোনালী ব্যাংকে ১০৫ কোটি টাকার চলতি মূলধন সীমা নবায়নের ক্ষেত্রে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংক কোম্পানি আইনের ২৭কক(৩) ধারা কার্যকর হবে না। রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় ব্যাংক কোম্পানি আইনের ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
এর আগে গত ১৭ আগস্ট পৃথক এক নির্দেশনার মাধ্যমে শতভাগ মার্জিনের বিপরীতে শাইনপুকুর সিরামিকসের ঋণপত্র খোলার অনুমতি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
এদিকে, সোমবার জারি করা অপর প্রজ্ঞাপনে শতভাগ মার্জিনের বিপরীতে ন্যাশনাল ব্যাংকে বেক্সিমকো এলপিজির অনুকূলে এলসি খোলার অনুমোদন দেওয়া হয়েছে। এ সুবিধা আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
তবে উভয় প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার ক্ষেত্রে দুটি শর্ত আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রথমত, এ সুবিধার কারণে সরকারের ওপর কোনো ধরনের দায় সৃষ্টি করা যাবে না। দ্বিতীয়ত, প্রতিষ্ঠান দুটির সব আয় একটি নির্দিষ্ট হিসাবে জমা রাখতে হবে। ওই হিসাব থেকে পাওনাদারদের পাওনা আনুপাতিক হারে পরিশোধ করা হবে।
ব্যাংক কোম্পানি আইনের ২৭কক(৩) ধারায় ঋণখেলাপি প্রতিষ্ঠানকে ব্যাংকিং সুবিধা দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তবে সরকারের সঙ্গে পরামর্শক্রমে প্রতিষ্ঠান দুটিকে ওই ধারার আওতামুক্ত সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বেক্সিমকো গ্রুপের এই দুটি প্রতিষ্ঠানের পাশাপাশি সম্প্রতি আরও কয়েকটি ঋণখেলাপি প্রতিষ্ঠানকেও একই ধরনের বিশেষ সুবিধা দেওয়া হয়েছে।
এনএনবাংলা/
