সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালনের জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে হবে এবং ব্যক্তিগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ও জনসমাগমপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস।
দূতাবাস আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে কোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আরবের আইনে শাস্তিযোগ্য অপরাধ। তাই দেশটির আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে ফেসবুক, ইউটিউব, এক্সসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য প্রকাশ না করার জন্য বাংলাদেশিদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া, পরিস্থিতি-সংশ্লিষ্ট কোনো ছবি, ভিডিও কিংবা সংবেদনশীল তথ্য মুঠোফোনে সংরক্ষণ করা বা অন্য কারও সঙ্গে শেয়ার করা থেকেও বিরত থাকার নির্দেশনা দিয়েছে দূতাবাস।
জরুরি প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিদের যোগাযোগের সুবিধার্থে বিজ্ঞপ্তিতে কয়েকটি হটলাইন নম্বরও উল্লেখ করা হয়েছে। নম্বরগুলো হলো—
শ্রমসংক্রান্ত টোল ফ্রি নম্বর: ৮০০১০০০১২৫
পাসপোর্টসংক্রান্ত টোল ফ্রি নম্বর: ৮০০১০০০১২৬
ডিপ্লোমেটিক উইং: ৮০০১০০০১২৪
মৃত্যুসংক্রান্ত হটলাইন: +৯৬৬৫৭০২১২১৮০
বিজ্ঞপ্তিতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে স্থানীয় আইন ও নির্দেশনা মেনে চলার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস।
এনএনবাংলা/
