সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী

ফাইল ছবি

রাজধানীর লোকাল বাসে নারী, শিশু, প্রতিবন্ধী ও প্রবীণ যাত্রীদের দুর্ভোগ বাড়ছে। প্রায় ৮০ শতাংশ বাসে হেলপার না থাকায় ঝুঁকি নিয়ে ওঠানামা করতে হচ্ছে তাদের। অন্যদিকে, সংরক্ষিত আসনেও বসছেন পুরুষ যাত্রীরা।

নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি এবং শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) এক মাসের যৌথ পর্যবেক্ষণে এসব অনিয়ম উঠে এসেছে। রোববার (১১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পর্যবেক্ষণে দেখা যায়, নারী, শিশু, প্রতিবন্ধী ও প্রবীণ নাগরিকদের জন্য প্রতিটি বাসে ৯টি আসন সংরক্ষণের সরকারি নির্দেশনা থাকলেও অধিকাংশ বাসে তা মানা হচ্ছে না। যাত্রীভর্তি বাসে সংরক্ষিত আসনগুলোতে পুরুষদের বসে থাকতে দেখা যায়। ফলে সংশ্লিষ্ট যাত্রীদের দাঁড়িয়ে যাতায়াত করতে হচ্ছে।

এ ছাড়া হেলপার না থাকায় কন্ডাক্টরকে একসঙ্গে ভাড়া আদায় এবং যাত্রী ওঠানো-নামানোর কাজ করতে হচ্ছে। অনেক বাস নির্ধারিত স্টপেজের বাইরে থামিয়ে তাড়াহুড়া করে যাত্রী ওঠানো-নামানো হয়। এতে বিশেষ করে নারী, শিশু, প্রতিবন্ধী ও প্রবীণদের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে বলেন, রাজধানীর লোকাল বাসগুলো নিয়ম-নীতি উপেক্ষা করে চলছে। বাসমালিকদের যাত্রীসেবার চেয়ে মুনাফার প্রতি আগ্রহ বেশি। এসব অনিয়ম বন্ধে অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানান তিনি।

যাত্রীদের দুর্ভোগ কমাতে প্রতিটি বাসে সংরক্ষিত আসন নিশ্চিত করা, চালক ও কন্ডাক্টরের পাশাপাশি হেলপার নিয়োগ, দিনচুক্তিতে বাস ভাড়া দেওয়ার প্রথা বন্ধ এবং নির্ধারিত স্টপেজের বাইরে বাস থামিয়ে যাত্রী ওঠানো-নামানো বন্ধের সুপারিশ করেছে সংগঠন দুটি।

এনএনবাংলা/