রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করেছে তদন্ত কমিটি। এ ছাড়া, চারজনের বিরুদ্ধে আরও তদন্ত এবং তিনজনকে সতর্ক করার সুপারিশ করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, তদন্ত কমিটি ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে।
বহিষ্কারের সুপারিশ করা শিক্ষার্থীরা হলেন আহসান হাবীব, হাসিবুল ইসলাম হাসিব, বিশাল চক্রবর্তী ও আরিফুল ইসলাম। অন্যদিকে, তকবীর আহমেদ ইমন, সৈয়দ সাজহারুল ইসলাম, তানিম রহমান ও রাকসুর সহ-সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলামের বিষয়ে আরও তদন্তের সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া, ছাত্রদলের সহসভাপতি বুলবুল রহমান ও শরিফুল ইসলাম এবং সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আলমকে সতর্ক করার সুপারিশ করেছে কমিটি।
সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, প্রতিবেদনে বিষয়টি নিয়ে আরও তদন্তের প্রয়োজনীয়তার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। পরবর্তী তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক রেজাউল করিম বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোতে আরিফুল ইসলাম ও রাকিবুল ইসলামের উসকানি দেওয়ার ভূমিকা ছিল বলে কমিটি মনে করছে। তিনি আরও বলেন, কমিটির কাছে থাকা তথ্য ও প্রমাণের ভিত্তিতে আরিফুল ইসলামের শিক্ষার্থী পরিচয় সাময়িকভাবে স্থগিত করার সুপারিশ করা হয়েছে।
এনএনবাংলা/
