চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের যোগদান ‘প্রত্যাখ্যান’ করে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে আগের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে রোববার থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে চুয়েট শিক্ষক সমিতি।
শুক্রবার দুপুরে ছাত্র-শিক্ষক মিলনায়তন থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় তারা ‘ভিসি হিসেবে কাকে চাই, সায়েম স্যারকেই আবার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি হিসেবে ‘দেয়াল লিখন’ করার ঘোষণা দেওয়া হয়।
এর আগে ২১ সেপ্টেম্বর অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। মঙ্গলবার থেকে ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছেন তারা। বৃহস্পতিবার বিকেলে নতুন উপাচার্য অনলাইনে দায়িত্ব গ্রহণের পর রাতে ক্যাম্পাসে মশাল মিছিল করেন আন্দোলনকারীরা।
এদিকে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে রোববার থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। সংগঠনটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হল ও জরুরি কার্যক্রম কর্মবিরতির আওতামুক্ত থাকবে।
শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনও কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছে।
গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। ২১ সেপ্টেম্বর তাকে অব্যাহতি দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের প্রতিবাদেই শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়।
এনএনবাংলা/
