অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, ক্লাস-পরীক্ষা বন্ধ; শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তারা। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে কলেজের মূল ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে দুই দফা দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। এর আগে কলেজের সামনের সড়কের দুই পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এতে নীলক্ষেত মোড় থেকে আজিমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, মধ্যরাতে তাদের ওপর পুলিশের হামলার অভিযোগ তদন্তে আগামী ৭২ ঘণ্টার মধ্যে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। পাশাপাশি এ ঘটনায় জড়িত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
দ্বিতীয় দাবিতে অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে কলেজের সব শিক্ষার্থীর পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা। শিক্ষার্থীদের ঘোষণা অনুযায়ী, তার পদত্যাগের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে আনুষ্ঠানিক সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কলেজের সব প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
আন্দোলনকারীরা আরও জানান, দাবি পূরণে প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে, অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন কলেজটির শিক্ষার্থীরা। একপর্যায়ে অধ্যক্ষকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন তারা।
প্রায় ১৩ ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে অধ্যক্ষকে কার্যালয় থেকে উদ্ধার করে। এ সময় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের অভিযোগ ওঠে।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, মধ্যরাতে পুলিশের হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ছাড়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে হাতুড়ি দিয়ে পেটানো এবং এক নারী শিক্ষার্থীর চুল ও হিজাব ধরে টানাটানির অভিযোগও করেছেন তারা।
এনএনবাংলা/
