উন্নয়নের প্রয়োজনে গাছ কাটা হলেও তার চেয়ে বেশি গাছ লাগানো হচ্ছে: উপাচার্য

সবুজায়ন প্রকল্পের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফলজ ও সৌন্দর্যবর্ধনকারী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কবি নজরুল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে রাবার, লিচু ও কামরাঙা গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজের প্রয়োজনে কিছু গাছ অন্যত্র স্থানান্তর ও অপসারণ করতে হয়েছে। তবে ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় আমরা তার চেয়ে অধিকসংখ্যক গাছের চারা পরিকল্পিতভাবে রোপণ করছি।’
পূবালী ব্যাংক পিএলসির সৌজন্যে আয়োজিত এই কর্মসূচির আওতায় ক্যাম্পাসে ফলজ, বনজ ও সৌন্দর্যবর্ধনকারী বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। এসব চারার মধ্যে রয়েছে রাবার, রঙ্গন, বাগানবিলাস, গাঁদা, পেয়ারা, আতা, আমলকী, সিজিয়াম, চায়না থ্রি লিচু, কাঠবাদাম, সোনালু ও করবীসহ নানা প্রজাতির গাছ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. রাজু আহমেদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্স)।
এ ছাড়া কর্মসূচিতে পূবালী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন মিয়া, ত্রিশাল শাখা প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ আলীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/
