১ ডিসেম্বর শুরু এইচএসসি’র সাপ্লিমেন্টারি পরীক্ষা: আবেদন কাল থেকে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। আজ বুধবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, সাপ্লিমেন্টারি পরীক্ষার বিস্তারিত সময়সূচি শিগগিরই সব বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ঢাকা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা দ্রুতই বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) প্রকাশ করা হবে। তালিকায় থাকা শিক্ষার্থীদের আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু করে শনিবারের মধ্যে অনলাইনে ফর্ম পূরণ সম্পন্ন করতে হবে।
পরীক্ষার প্রয়োজনীয় ফি সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ‘সোনালী সেবা’র মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে জমা দেওয়া যাবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৮ নভেম্বর। ব্যাংকে টাকা জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা অ্যাকটিভ হবে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সেই তালিকা প্রিন্ট করে পরীক্ষার্থী ও প্রতিষ্ঠানপ্রধানের সই নিয়ে তা কলেজে সংরক্ষণ করতে হবে।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার তত্ত্বীয় (থিউরি) প্রতি পত্র বা বিষয়ের জন্য পরীক্ষার্থীদের ১২৫ টাকা এবং ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) প্রতি পত্র বা বিষয়ের জন্য ২৫ টাকা ফি দিতে হবে। এছাড়া এইচএসসি পরীক্ষার কেন্দ্র ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৪৫০ টাকা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পরিশোধ করতে হবে।
পাঠ্যসূচির বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০২৬ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাস এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী এই সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
একই নামের একাধিক শিক্ষার্থী থাকলে যেন কোনো ধরনের ভুল বা বিভ্রান্তি না হয়, সেজন্য রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ সতর্কতার সাথে প্রকৃত পরীক্ষার্থী নির্বাচন করার জন্য প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
এনএনবাংলা/ইএস
