সাম্প্রতিক
নিত্যপণ্যের বাজারে মিশ্র চিত্র, পাইকারি-খুচরায় দামের বড় ফারাক ইসরায়েলে ভোটের পর রাজনৈতিক অচলাবস্থা, সরকার গঠনের করবে কারা? জাপান-বাংলাদেশ আলোচনায় তৃতীয় দেশ বা বঙ্গোপসাগর নিয়ে আলোচনা হয়নি: হুমায়ুন কবির রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট-বিএমইউ-ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ দেশে নতুন স্বৈরাচারের উত্থান হচ্ছে: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে কমতে পারে রেমিট্যান্স, বাড়বে মূল্যস্ফীতি রাত পোহালেই এইচএসসির ফল, অপেক্ষায় পৌনে ১৩ লাখ পরীক্ষার্থী
Skip to content

রাত পোহালেই এইচএসসির ফল, অপেক্ষায় পৌনে ১৩ লাখ পরীক্ষার্থী

ছবি: সংগৃহীত

অবশেষে শেষ হচ্ছে দীর্ঘ অপেক্ষা। শনিবার প্রকাশিত হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। এ ফলের অপেক্ষায় রয়েছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী। সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান শুক্রবার সন্ধ্যায় জানান, ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। রাতের মধ্যেই প্রয়োজনীয় সব কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।

ফলাফল প্রথমে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। প্রধানমন্ত্রী সম্মতি দিলে প্রথমে তাঁর হাতে ফলাফল হস্তান্তর করা হবে। এরপর আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে।

চলতি বছরের ২ জুলাই সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এতে অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী।

গত বছর অন্তর্বর্তী সরকারের সময়ে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এর আগের বছর, ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। ফলে এবার পাসের হার কত হতে পারে, তা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আগ্রহ রয়েছে।

এ বিষয়ে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ফলাফল পুরোপুরি প্রস্তুত হওয়ার আগে পাসের হার সম্পর্কে ধারণা দেওয়া ঠিক হবে না। সব কাজ শেষ হলে কিছুটা ধারণা পাওয়া যেতে পারে। এ জন্য ফল প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

অনলাইন ও এসএমএসে যেভাবে জানা যাবে এইচএসসির ফল
প্রতিবারের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। শিক্ষা বোর্ডগুলোর ফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষার্থীরা দুটি ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইট দুটি হলো—eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে গিয়ে সংশ্লিষ্ট বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে।

অন্যদিকে, পরীক্ষার্থীরা যেকোনো মোবাইল নম্বর থেকে এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখতে হবে। সবশেষে বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

উদাহরণ হিসেবে ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে: HSC Dha 123456 2026। এরপর এসএমএসটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১ নভেম্বর
প্রকাশিত ফলাফলে সন্তুষ্ট না হলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। আগামী ১ নভেম্বর থেকে এ আবেদন গ্রহণ শুরু হবে, চলবে ৭ নভেম্বর পর্যন্ত।

আবেদন করতে হবে rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে। সেখানে ‘বোর্ড ড্রপ ডাউন’ অপশন থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। এরপর একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল ওই নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

পরীক্ষার্থীরা এক বা একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। প্রতিটি বিষয়ের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। দুই পত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, ডিবিবিএল, রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে।

অকৃতকার্য হলে আবার পরীক্ষার সুযোগ
এদিকে, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় যারা অকৃতকার্য হবেন, তাদের জন্যও রয়েছে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, ফল প্রকাশের দুই মাসের মধ্যেই অকৃতকার্য শিক্ষার্থীরা আবার পরীক্ষায় বসতে পারবেন।

এ বিষয়ে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য শনিবার ফল প্রকাশের পর জানানো হবে। তখন পরীক্ষার্থীরা এ-সংক্রান্ত নিয়ম ও করণীয় সম্পর্কে জানতে পারবেন।

সব মিলিয়ে ফল প্রকাশের আগে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে শিক্ষা বোর্ডগুলোতে। আর কাঙ্ক্ষিত ফলের অপেক্ষায় নির্ঘুম সময় পার করছেন লাখো পরীক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা।

এনএনবাংলা/