সাম্প্রতিক
Skip to content

সচিবালয় স্থানান্তর: মাঠ থেকে গণপূর্তের সাইনবোর্ড খুলে নিলেন শেকৃবি শিক্ষার্থীরা

পুরাতন বাণিজ্যমেলার মাঠে সচিবালয় নির্মাণের জন্য টানানো গণপূর্ত মন্ত্রণালয়ের সাইনবোর্ড খুলে নিয়ে যায় শেকৃবি শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

পুরাতন বাণিজ্যমেলার মাঠে সচিবালয় নির্মাণের প্রস্তুতির প্রতিবাদে বিক্ষোভ করে গণপূর্ত মন্ত্রণালয়ের সাইনবোর্ড খুলে নিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। একই সঙ্গে সয়েল টেস্টের কাজে বাধা দিয়ে পরীক্ষার কাজে ব্যবহৃত দুটি গাড়ি ক্যাম্পাসে নিয়ে যান তারা। মাঠ পুনরুদ্ধারে আইনি পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) গণজমায়েত ও বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন বাণিজ্যমেলার মাঠে গিয়ে এসব কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার স্বার্থে মাঠটি ফিরিয়ে দিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

পরে উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল লতিফের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত সিন্ডিকেট সভা আহ্বান এবং মাঠ পুনরুদ্ধারে জোরালো আইনি লড়াই শুরুর দাবি জানান শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থী মো. আশিক আহমদ বলেন, তিন দিনের মধ্যে সিন্ডিকেট সভা ডেকে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিতে হবে।

সচিবালয়ের সয়েল টেস্ট বন্ধ করে দুটি গাড়ি ক্যাম্পাসে নিয়ে যায় শেকৃবি শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

এ বিষয়ে উপাচার্য জানান, বাণিজ্যমেলার মাঠ নিয়ে গঠিত কমিটির সঙ্গে দ্রুত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কমিটির সিদ্ধান্ত পাওয়ার পর লিগ্যাল অ্যাডভাইজরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মাঠ-সংক্রান্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম. সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী বলেন, কমিটির সিদ্ধান্ত বারবার জানানোর পরও সে অনুযায়ী কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এদিকে, আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে বুধবার (২৮ অক্টোবর) মাথায় লাল কাপড় বেঁধে গণজমায়েত ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে গত ১৫ অক্টোবর গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। একই দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপিও দেওয়া হয়।

এনএনবাংলা/