সাম্প্রতিক
Skip to content

ইয়ামাল-এমবাপ্পেকে পেছনে ফেলে, হ্যারি কেইনের হাতে এবারের ব্যালন ডি’অর

২৫ বছর পর ইংলিশদের অপেক্ষা ঘুচিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ব্যালন ডি’অর ট্রফি জিতলেন হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড গত সিজনে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেন। এ বছরের সেরা স্ট্রাইকারের পুরস্কারও জিতেছেন তিনি। লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জয়ের কীর্তি গড়লেন ইংল্যান্ড অধিনায়ক।

বায়ার্ন মিউনিখের জার্সিতে গোলের পর গোল করে আলোচনায় থাকা কেইনের জন্য এটি ক্যারিয়ারের অন্যতম বড় স্বীকৃতি। পুরস্কার হাতে মঞ্চে উঠে নিজের আবেগ ধরে রাখতে পারেননি কেইন। বিস্ময় প্রকাশ করে বলেন, ‘বাহ, বাহ, বাহ।’ এরপর নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি প্রায় বাকরুদ্ধ। লন্ডনে এই আয়োজন হওয়ায় মুহূর্তটি আমার কাছে আরও বিশেষ হয়ে উঠেছে। আজকের রাতটি আমার জন্য যেন শুভ বার্তা নিয়ে এসেছে। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।’

ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কেইন বলেন, এবারের পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা ছিল কঠিন। অনুষ্ঠানে উপস্থিত বিশ্বের সেরা ফুটবলারদের পাশাপাশি সব বিজয়ী ও মনোনীত খেলোয়াড়কে অভিনন্দনও জানান তিনি। তাঁর মতে, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম যে সাফল্যের পথ তৈরি করে দিতে পারে, এবারের আয়োজন তারই প্রমাণ। ২০২৫–২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে কেইনের গোলসংখ্যা ছিল ৭৩, এমনটাই উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। ২০২৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর থেকেই ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে দলের আক্রমণভাগের প্রধান ভরসা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ইংলিশ স্ট্রাইকার।
বায়ার্নের হয়ে ১৫৮ ম্যাচে ১৫৬ গোলের পরিসংখ্যানও তার গোল করার অসাধারণ প্রতিভার পরিচয় দেয়। ক্লাবটির হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায়ও উঠে এসেছে তার নাম। বুন্দেসলিগায় টানা তিন মৌসুম সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি ২০২৫–২৬ মৌসুমে ইউরোপের ক্লাব ফুটবলেও গোলের হিসাবে শীর্ষস্থান দখলের কৃতিত্ব তার।
এদিকে, মেয়েদের ব্যালন ডি’অর জিতেছেন স্পেন তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস! বার্সেলোনার সাবেক এ মিডফিল্ডার ২০২১ ও ২০২২ সালের পর এবার তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতলেন। গত মৌসুমে বার্সার হয়ে লিগ ও চ্যাম্পিয়নস লিগ জেতেন। ৫৩ বলে ২৬ গোলের পাশাপাশি ১৫টি অ্যাসিস্টও করেন। স্পেনের হয়ে জেতেন নেশনস লিগ।আইতানা বোনমাতির সমান তৃতীয় ব্যালন ডি’অর জিতে তাঁর রেকর্ডে ভাগ বসালেন গত জুলাইয়ে লন্ডন সিটি লায়নেস ক্লাবে যোগ দেওয়া পুতেয়াস। উইমেন্স সুপার লিগের ক্লাবের (লন্ডন সিটি) প্রথম খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতলেন তিনি।

এনএনবাংলা/এনজেড