এইচএসসির ফল প্রকাশিত হবে বৃহস্পতিবার

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় ফল প্রকাশের এ তারিখ চূড়ান্ত করেছে।
শনিবার রাতে আন্তঃশিক্ষা বোর্ডের আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। প্রস্তাবিত সময়সীমার শেষ দিন ২৯ অক্টোবর ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চপর্যায়ের একটি সূত্র জানায়, সাধারণত বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে ২৯ অক্টোবর ফল প্রকাশের দিন নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। সরকার ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করেছে।
এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এনএনবাংলা/
