সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরের আগুন

গাজীপুরের কাশিমপুর থানার শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে লাগা আগুন সাড়ে ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২ টার দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, সকাল সোয়া ১০টার দিকে হঠাৎ করে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়লে পরে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিস ও আশপাশের ফায়ার সার্ভিসের আরও ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। সবমিলিয়ে আগুন নিয়ন্ত্রণের ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে।
তবে আগুন লাগার কারণ ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
এনএনবাংলা/এফএস
