ফরিদপুরে আধা ঘণ্টার ব্যবধানে দুই সড়ক দু’র্ঘটনা, মা-শিশুসহ নিহ’ত ৫

ফরিদপুরে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। নিহতদের মধ্যে এক নারী ও তার শিশুসন্তান রয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে জেলার মধুখালী ও সদর উপজেলায় দুর্ঘটনা দুটি ঘটে। এর মধ্যে মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন এবং সদর উপজেলার কানাইপুরে ট্রাক, প্রাইভেট কার ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে মা ও শিশুসন্তান নিহত হন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে মধুখালী উপজেলার আড়কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাগুরা থেকে ছেড়ে আসা কিংফিশার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এর আধা ঘণ্টা পর বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের সদর উপজেলার কানাইপুরের তেঁতুলতলা এলাকায় দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। সেখানে বালুবোঝাই ট্রাক, প্রাইভেট কার ও ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে এক নারী ও তার শিশুসন্তান নিহত হন। আহত হন আরও তিনজন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার শ্রীবাস বারুই জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।
দুর্ঘটনা দুটির কারণে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল ব্যাহত হয়। বিশেষ করে কানাইপুরের তেঁতুলতলা এলাকায় মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
এনএনবাংলা/
