নরসিংদীতে ডাইং মিলে বয়লার বিস্ফোরণ, আগুনে দগ্ধ ৫ জনের মধ্যে দুজন আইসিইউতে

নরসিংদীর মাধবদীতে ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে বয়লার বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হয়েছেন পাঁচ শ্রমিক ও কর্মচারী। তাদের মধ্যে দুজনের শরীরের ৯০ ও ৬০ শতাংশ পুড়ে গেছে। গুরুতর দগ্ধ এই দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে নরসিংদী সদর উপজেলার মাধবদীর বিরামপুর এলাকার কালীবাড়িতে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা কাজ করে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বয়লার থেকে স্ফুলিঙ্গের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
দগ্ধ পাঁচজন হলেন জামাল (৩৮), টিপু (৪৫), ফয়সাল (২৫), রুবেল (৩৫) ও শাজাহান (৩০)। তারা সবাই ওই কারখানার শ্রমিক ও কর্মচারী। বিকল একটি বয়লার মেরামতের সময় বিস্ফোরণের পর আগুন লাগলে তারা দগ্ধ হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক হারুনুর রশিদ জানান, দগ্ধদের মধ্যে জামালের শরীরের ৬০ শতাংশ, টিপুর ৯০ শতাংশ, ফয়সালের ২৫ শতাংশ, রুবেলের ৮ শতাংশ এবং শাজাহানের ৪ শতাংশ পুড়ে গেছে।
তিনি আরও জানান, গুরুতর দগ্ধ টিপু ও জামালকে বার্ন ইউনিটের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। অন্য তিনজনকে জরুরি বিভাগের অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বুধবার বিকেলে কারখানার বয়লারে আগুন লাগার খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে নরসিংদী ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট যোগ দেয়। পাঁচটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এনএনবাংলা/
