বুধবার ৩ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকা-নারায়ণগঞ্জের যেসব এলাকায়

ডেমরা ডিআরএসের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বুধবার (২১ অক্টোবর) ঢাকা ও নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকায় তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক জরুরি বিজ্ঞপ্তিতে গ্রাহকদের এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেমরা ডিআরএস-এর আউটলেট ভালভ প্রতিস্থাপনের উন্নয়নমূলক কাজের জন্য বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ৩ ঘণ্টা বেঙ্গল গ্লাস, শুকরশী, শিমরাইল এবং শীতলক্ষ্যা নদীর পশ্চিমাংশের সান্দিরা বালুঘাট থেকে শুরু করে কাঁচপুর সেতুর পশ্চিম পাশের এলাকা পর্যন্ত সব ধরনের গ্রাহকদের (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সংযোগ বন্ধ থাকবে।
কাজ চলাকালীন সময়ে আশেপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কিছুটা কম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গ্রাহকদের এই সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
এনএনবাংলা/ইএস
