সাম্প্রতিক
Skip to content

শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ

আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা-অর্চনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। মহানবমী ঘিরে দেশের বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের ভিড় বাড়বে। একই সঙ্গে দেবী দুর্গার বিদায়ের ক্ষণ ঘনিয়ে আসায় মণ্ডপে মণ্ডপে বাজবে বিষাদের সুর।

সকালে মহানবমীর বিহিত পূজা ও পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় দেবীর আরাধনায় আয়োজন করা হবে মহাআরতি। ভক্তরা দেবীর চরণে প্রার্থনা জানাবেন পরিবার, সমাজ ও দেশের মঙ্গল কামনায়। এর আগে গতকাল মহাষ্টমীতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় কুমারী পূজা।

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে আগামীকাল বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে। এদিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা। এবার দুর্গা এসেছিলেন ঘোটক বা ঘোড়ায় চড়ে। ফিরে যাবেন নৌকায়। এই দুই বাহনে দেবীর গমনাগমনকে অশুভ মানা হয়। তবে পূজারিদের আশ্বাস ভক্তিভরে আরাধনা করলে পরাভূত হবে সব অশুভ শক্তি।

এনএনবাংলা/এনজেড