স্বৈরাচার ফেরার পথ উন্মুক্ত করলে ভালো পরিণাম বয়ে আনবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করলে তা দেশের জন্য ভালো পরিণাম বয়ে আনবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন শেষে দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় তিনি অভিযোগ করেন, বিরোধী দল কেবল বিরোধিতার জন্যই বিরোধিতা করছে, যা দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, দেশের মানুষ খেয়াল করছে যে বিরোধী দল সব বিষয়েই শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করে যাচ্ছে। তিনি বলেন, “বিরোধিতা আপনারা করেন, কিন্তু আজকে বিরোধিতা করতে গিয়ে আপনারা যদি স্বৈরাচারকে আসার পথ উন্মুক্ত করে দেন, তাহলে অবশ্যই সেটি দেশের জন্য কোনো ভালো পরিণাম বয়ে আনবে না।” এমন কর্মকাণ্ডকে জুলাইয়ের শহিদদের এবং ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের সঙ্গে ‘গাদ্দারি’ হিসেবে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিরোধী দলের নেতাদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী জানান, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের পাশাপাশি বিরোধী দলের নেতাদেরও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। সরকারের সঙ্গে বিরোধী দলের রাজনৈতিক দূরত্ব থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, আহত হয়েছেন কিংবা চোখ হারিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে বিরোধী দলের নেতাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকা উচিত ছিল।
তারেক রহমান আরও বলেন, বর্তমান সরকার দেশের মানুষের ভাগ্যের এবং সার্বিক পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত হয়েই বিরোধী দল যেমন সংসদে প্রতিনিধিত্ব করছে, তেমনি সরকারি দলও জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই সরকারি দল জনগণের স্বার্থ দেখে না—এমন নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে এসে দোষারোপের রাজনীতি বন্ধ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
এনএনবাংলা/ইএস
