বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের মামলার আসামি বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেফতার হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৫ অক্টোবর তাকে গ্রেফতার করে কাতার পুলিশ। ইন্টারপোল মেইলের মাধ্যমে দুদককে এ বিষয়ে নিশ্চিত করেছে।
হান্নানের গ্রেপ্তারের খবর দুদক কীভাবে পেয়েছে, তা জানতে চাইলে আকতারুল ইসলাম বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য তিনি এখনও পাননি। দুদক সচিব সংবাদ সম্মেলন করে বিষয়টি জানাবেন।
ইন্টারপোল ই-মেইলের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে ২০২৫ সালের ২৭ জুলাই অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুটি মামলা করে দুদক। এসব মামলায় তাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার সম্পদ ও সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের অভিযোগ, শেখ আব্দুল হান্নান বৈধ আয়ের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়।
অন্যদিকে, তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এ মামলায় তাহমিদা বেগমকে প্রধান আসামি করা হয়েছে। তার স্বামী শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে তাকে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।
২০২৫ সালের জুলাইয়ে দুদক জানায়, শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রীর সন্তানদের নামে কানাডা, দুবাই ও কাতারসহ বিভিন্ন দেশে ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে এসব সম্পদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে, ২০২৫ সালের ১১ নভেম্বর আদালতের আদেশে শেখ আব্দুল হান্নানের দুটি ফ্ল্যাট ক্রোক এবং তার ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। অবরুদ্ধ করা ১০ টি ব্যাংক হিসেবে ৪০ লাখ ৫৬ হাজার ৫৮৩ টাকা রয়েছে। দুদকের চলমান অনুসন্ধানের অংশ হিসেবে তার ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা, ৩৮টি ব্যাংক হিসাব জব্দ এবং ঢাকার অভিজাত এলাকায় তাদের মালিকানাধীন একাধিক ফ্ল্যাট ও জমি জব্দের আদেশও দেওয়া হয়েছিল বলে গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়।
উল্লেখ্য, ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন লাভ করেন শেখ আব্দুল হান্নান। ২০২১ সালের ১২ জুন তিনি বিমানবাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব নেন। ২০২৪ সালের ১১ জুন তিনি অবসরে যান।
এনএনবাংলা/এফএস
