লালমনিরহাটে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে এ পুশ-ইনের চেষ্টা চালায় বিএসএফ।
বিজিবি সূত্রে জানা যায়, দুই শিশু, দুই নারী ও আট পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে বিজিবি অবস্থান নিলে তাদের এ চেষ্টা ব্যর্থ হয়।
স্থানীয় সূত্র জানায়, ওই ১২ জন বর্তমানে সীমান্ত থেকে প্রায় ১০০ গজ ভারতের ভেতরে অবস্থান করছে। তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, বিএসএফের পুশইনের চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি। এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠকের মাধ্যমে দ্রুত বিষয়টি সমাধানের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এনএনবাংলা/এফএস
