বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। প্রায় এক ঘণ্টা অবরোধের পর শিল্প পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ হয়ে যান তাঁরা। পরে সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, গত ১০ অক্টোবরের আন্দোলনের পর কর্তৃপক্ষ ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে বেতন না পাওয়ায় তারা আবারও আন্দোলনে নামেন। গতকাল বুধবার বেতন দেওয়ার তারিখ থাকলে বেতন না দিয়ে টালবাহানা করতে থাকে। আজকে সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।
সড়ক অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে বেতনের পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনার প্রস্তাব দেয়। শ্রমিকরা পুলিশের প্রস্তাবে সম্মতি না দিয়ে মহাসড়কে অবস্থান করে অবরোধ সৃষ্টি করে আন্দোলন করতে থাকে। এ সময় মহাসড়কে উভয় পাশে দীর্ঘ যানজটের তৈরি হয়। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারী শ্রমিকদের সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ছত্রভঙ্গ করে দিলে, তারা সড়ক থেকে সরে গেলে সকাল সােেড় ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং যান চলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা সড়ক থেকে সরে যাননি।
এনএনবাংলা/এফএস
