টঙ্গীতে ওষুধ কারখানার আগুন ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরোপুরি নেভাতে আগামীকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল ১০টা ১৫ মিনিটে কারখানাটির ছয়তলা ভবনে আগুন লাগে। প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় আশপাশের বিভিন্ন স্টেশন থেকে আরও ইউনিট যুক্ত হয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও উদ্ধার ও সহায়তামূলক কাজে যুক্ত হন।
