সাম্প্রতিক
Skip to content

বেতন বাড়ানোর দাবিতে উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

উত্তরার আজমপুর এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

সকাল থেকেই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আজমপুর এলাকায় জড়ো হতে থাকেন। পরে তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বেতন বৃদ্ধির দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।

সড়ক অবরোধের কারণে বিমানবন্দর সড়কে যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। দীর্ঘ যানজটে আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও সাধারণ মানুষ। অনেককে যানবাহন ছেড়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা গেছে।

পুলিশের উত্তরা ট্রাফিক বিভাগের এডিসি রুবেল হক জানান, কয়েকটি কারখানার শ্রমিকরা বুধবার সকালে আজমপুর এলাকায় সড়কে নেমে যান চলাচল বন্ধ করে দেয়। পরে তারা বিমানবন্দরের দিকে সরে যায়। এখন বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকেরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে তারা সড়কে নেমেছেন। দাবি আদায়ে মহাসড়কে অবস্থান নেওয়ায় গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

তবে শ্রমিকদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষের বক্তব্য এবং অবরোধ নিরসনে প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এনএনবাংলা/এফএস