সাম্প্রতিক
Skip to content

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক, পুরস্কৃত ২ পুলিশ কর্মকর্তা

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার ওয়েবারের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করে তাকে ফিরিয়ে দিয়েছে পুলিশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশে ভ্রমণে এসে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার ওয়েবার। পুলিশের একাধিক ইউনিটের যৌথ অভিযানে নাটোর থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। বিদেশি পর্যটকের হারানো সম্পদ উদ্ধারে ভূমিকা রাখায় নাটোর সদর থানার দুই পুলিশ কর্মকর্তাকে আর্থিক পুরস্কার দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদরদপ্তরে আনুষ্ঠানিকভাবে ক্রিলের হাতে ল্যাপটপটি তুলে দেন আইজিপি। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখতে দেশে আসেন ক্রিল। গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় রেলওয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে ল্যাপটপ ও ক্যামেরা রেখে পাশের এটিএম বুথে টাকা তুলতে যান। ফিরে এসে ওই ব্যক্তিকে আর খুঁজে পাননি। একই সঙ্গে হারিয়ে যায় তার ল্যাপটপ ও ক্যামেরা।

এ ঘটনায় নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ক্রিল। তার আবেদনের পরিপ্রেক্ষিতে নাটোর সদর থানা, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের একাধিক দল উদ্ধার অভিযান শুরু করে। পরে ১১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদরের কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

ল্যাপটপে গত ছয় মাসের কার্যক্রমের পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত ছিল বলে জানিয়েছে পুলিশ। সেটি ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রিল। বাংলাদেশ ভ্রমণের ইতিবাচক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

বিদেশি পর্যটকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, ল্যাপটপ উদ্ধার এবং পুলিশের পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দেন আইজিপি।

এ সময় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও দলগত প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, দ্রুত ও পেশাদার সেবা দেওয়া, জনআস্থা বাড়ানো এবং পর্যটনবান্ধব পরিবেশ তৈরিতে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশনা দেন আইজিপি।

এনএনবাংলা/