তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক

বাংলাদেশে ঘুরতে এসে ল্যাপটপ ও ক্যামেরা হারিয়ে বিপাকে পড়েছিলেন ১৮ বছর বয়সী জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। নাটোর সদর থানায় বসে তার কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নাড়া দেয় অনেককে। সেই ভিডিও দেখে নিজের ছেলের কথা মনে পড়ে এক বাংলাদেশির। এরপর ক্রিলের পাশে দাঁড়িয়ে তাকে একটি ম্যাকবুক উপহার দিয়েছেন রাজধানীর একটি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মুক্তি মাহমুদ।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ক্রিল ল্যান্ডারের হাতে নতুন ম্যাকবুকটি তুলে দেন মুক্তি মাহমুদ। বাংলাদেশ ছাড়ার আগে এই উপহার জার্মান তরুণের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে আশা করছেন তিনি।
মুক্তি মাহমুদ জানান, কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিলের ল্যাপটপ ও ক্যামেরা চুরির খবর দেখছিলেন তিনি। একপর্যায়ে থানায় বসে ক্রিলের কান্নার ভিডিও চোখে পড়ে। ভিডিওটি দেখে তিনি মর্মাহত হন। ১৮ বছর বয়সী ওই তরুণের অসহায়ত্ব তাকে নিজের ছেলের কথা মনে করিয়ে দেয়। তার ছেলেও বিদেশে পড়াশোনা করছেন।
মুক্তি মাহমুদ বলেন, ‘বাংলাদেশে এসে ১৮ বছর বয়সী এক বিদেশি পর্যটকের জিনিসপত্র চুরি হয়ে যাওয়াটা আমাদের জন্য লজ্জার। বিষয়টি আমার খুব খারাপ লেগেছে। ওর বয়সী আমারও একটা ছেলে আছে। সে বিদেশে পড়াশোনা করে। ছেলের কথা মনে হওয়ায় ঘটনাটি আমাকে আরও নাড়া দেয়।’
তিনি জানান, ভিডিওটি দেখার পর ক্রিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরে শাওন নামের একজনের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করে দেখা করেন। এরপর সবার পক্ষ থেকে ক্রিলকে একটি ম্যাকবুক উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন।
মুক্তি মাহমুদ বলেন, ‘সবার পক্ষ থেকে একটি ম্যাকবুক উপহার দিয়েছি। বাংলাদেশ ছাড়ার আগে ছেলেটা একটু হলেও যেন ভালো স্মৃতি নিয়ে ফিরতে পারে।’
রাজধানীর জিগাতলা এলাকার বাসিন্দা মুক্তি মাহমুদ দীর্ঘদিন লন্ডনে ছিলেন। বর্তমানে তিনি আঞ্জুমান ডিজাইনার্স লিমিটেডের মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত।
নতুন ম্যাকবুক পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্রিল ল্যান্ডার। তিনি বলেন, ‘জিনিসপত্র হারানোর পর থেকে অনেকেই আমাকে নানাভাবে সাহায্য করেছেন। সহানুভূতি প্রকাশ করেছেন। সত্যিই এটি প্রশংসা করার মতো। একটি ম্যাকবুক পেলাম। ধন্যবাদ জানাচ্ছি। এটা ব্যবহার করে আবার কাজ করতে পারব। এ ঘটনা আমার জীবনের অভিজ্ঞতার অংশ হয়ে থাকবে।’
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ক্রিল পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করে নিজের ল্যাপটপটি কিনেছিলেন। সেটি চুরি হয়ে যাওয়ার ঘটনা দুঃখজনক। এক ব্যক্তি নিজ উদ্যোগে তাকে ম্যাকবুক উপহার দিয়েছেন, যা দেশের ভাবমূর্তি পুনরুদ্ধারে কিছুটা হলেও ভূমিকা রাখবে।
তবে নতুন ম্যাকবুক পেলেও ক্রিলের চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে ক্রিলের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে যেতে দেখা গেছে। ওই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।
গত ৭ অক্টোবর বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলতে যাচ্ছিলেন ক্রিল। এ সময় ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে নিজের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ রেখে যান তিনি। টাকা তুলে ফিরে এসে দেখেন, ওই ব্যক্তি ও তার ব্যাগ—কোনোটিই নেই। পরে জানতে পারেন, ওই ব্যক্তি রেলওয়ের কোনো কর্মকর্তা নন।
এরপর ক্রিল নাটোর সদর থানায় গিয়ে অভিযোগ জানান। চুরি যাওয়া মালামাল উদ্ধারের আশায় ওইদিন রাতেই রাজশাহীতে যান তিনি। সেখানে পুলিশ তার থাকা ও খাওয়ার ব্যবস্থা করে। পরদিন বিকেলে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় আসেন এই জার্মান পর্যটক।
এনএনবাংলা/
