সাম্প্রতিক
Skip to content

বিজয়নগর সীমান্তে ১২ কোটি টাকার স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে ১২ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার দুপুরে বিজিবির ২৫ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কার্টনভর্তি ডিসপ্লে ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। উদ্ধার করা ডিসপ্লের সংখ্যা ১৫ হাজার ৪৮টি।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত দেড়টার দিকে বিজয়নগর উপজেলার ভাগলপুর এলাকায় অভিযান চালায় আলীনগর বিওপি’র একটি টহলদল। এ সময় ভারত থেকে ২৫ থেকে ৩০ জন ব্যক্তি মাথায় কার্টন নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা কার্টন ফেলে পালিয়ে যায়। পরে কার্টন তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫ হাজার ৮৪টি ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে পাওয়া যায়।

ডিসপ্লে গুলো আখাউড়া স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

এনএনবাংলা/এফএস