জার্মান পর্যটকের ল্যাপটপ তিন দিন পর উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি হওয়া ব্যাগসহ ল্যাপটপ চারদিন পর উদ্ধার করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) রাতে নাটোর শহরের নিচা বাজার এলাকা থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। নাটোর সদর মডেল থানা পুলিশ ল্যাপটপ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, ল্যাপটপ হারানোর পরের দিন ৯ অক্টোবর নাটোর শহরের কাপুড়িয়া পট্টির বাসিন্দা অমল কুমার সাহা তিতুমীর এক্সপ্রেস ট্রেনে ভ্রমনকালে সিটের নিচে একটি ব্যাগ পান। নওগাঁয় গন্তব্যে পৌঁছে ব্যাগ খুলে ল্যাপটপ দেখতে পান। পরে ল্যাপটপটি নাটোরে নিয়ে আসেন। রোববার রাতে শহরের কাপুড়িয়া পট্টি এলাকা থেকে ল্যাপটপটি উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে অমল কুমার সাহার ছেলে অন্তর সাহাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ল্যাপটপটি উদ্ধারের ঘটনা ঢাকায় অবস্থানরত ক্রিল ল্যান্ডারকে জানানো হয়েছে।
ক্রিল ল্যান্ডার গণমাধ্যমকে বলেন, অবশেষে আমার ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। আমি খুব খুশি। রোববার রাতেই আমার ঢাকা ছেড়ে যাওয়ার পরিকল্পনা ছিল। এখন ভাবছি কালকে ল্যাপটপ নিয়ে তারপর যাব।
গত ৭ অক্টোবর বগুড়া থেকে লালমনি এক্সপ্রেসে নাটোর রেলস্টেশনে নামেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবার। সেখানে এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিলে সরল বিশ্বাসে ক্রিল ল্যান্ডার ঐ যুবকের কাছে নিজের ব্যাগ রেখে টিকিট কাটতে যান। ব্যাগের ভেতরে থাকা ল্যাপটপ ও ক্যামেরাসহ ঐ যুবক রেল স্টেশন থেকে পালিয়ে যায়। এ বিষয়ে তিনি রাতেই নাটোর থানায় অভিযোগ করেন।
এনএনবাংলা/এফএস
