দীর্ঘ বিরতির পর পায়রা বন্দরে ভিড়লো চীনা জাহাজ

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে আধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জামবাহী প্রথম বাণিজ্যিক জাহাজ ‘ফান ঝৌ-৬’ ভিড়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে জাহাজটি বন্দরের প্রথম টার্মিনালে এসে পৌঁছায়।
জাহাজটিতে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জন্য আনা হয়েছে পাঁচটি আধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম। এসব সরঞ্জাম যুক্ত হওয়ায় বন্দরের কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম আরও দ্রুত, দক্ষ ও আধুনিক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
‘ফান ঝৌ-৬’ জাহাজে আনা সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে ৮০ টন ধারণক্ষমতার দুটি কোয়ে গ্যান্ট্রি ক্রেন, ৪০ টন ধারণক্ষমতার দুটি টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন এবং ৮০ হাজার টন ক্ষমতাসম্পন্ন একটি মোবাইল হারবার ক্রেন।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম টার্মিনালে কার্গো ও কন্টেইনার ওঠানো-নামানোর সক্ষমতা বাড়ানো এবং পুরো প্রক্রিয়াকে আরও দ্রুত ও আধুনিক করতেই এসব সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৮ সেপ্টেম্বর চীনের পিংতান বন্দর থেকে পণ্য নিয়ে পায়রা বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে ‘ফান ঝৌ-৬’। দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে বুধবার এটি সরাসরি বন্দরের প্রথম টার্মিনালে এসে পৌঁছায়।
এনএনবাংলা/এফএস
