ব্র্যাক ইউনিভার্সিটিতে বোমা হামলার হুমকি: বাড্ডা থানায় জিডি, কড়া নিরাপত্তায় ক্যাম্পাস

রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি অজ্ঞাতনামা ইমেইলের মাধ্যমে গণ-বোমা হামলার (Mass Bombing Threat) হুমকি দেওয়া হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এই হুমকির কোনো বাস্তব ভিত্তি পাওয়া যায়নি।ঘটনার বিবরণ অনুযায়ী, গত ৪ অক্টোবর (রবিবার) সন্ধ্যা ৬:৪৪ মিনিটে ‘Typical Chinese Man’ নামের একটি অজ্ঞাত ইমেইল অ্যাকাউন্ট থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি বার্তা পাঠানো হয়।
সোমবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান। বার্তাটি তে দাবি করা হয়, ৬ অক্টোবর (মঙ্গলবার) বেলা ১১টার দিকে ক্যাম্পাসজুড়ে একাধিক বোমা হামলা চালানো হবে।
হুমকি পাওয়ার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তার স্বার্থে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে এবং রাজধানীর বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (GD) দায়ের করে।
ইমেইল পাওয়ার পর থেকেই মেরুল বাড্ডায় অবস্থিত মূল ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। ক্যাম্পাসের মূল প্রবেশদ্বারে বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট এবং ভেতরে আসা প্রতিটি যানবাহন ও মানুষকে তল্লাশি করা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিট যৌথভাবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার জানান, “প্রাথমিক অনুসন্ধান ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেখা গেছে, এই হুমকির পেছনে কোনো বাস্তব ভিত্তি নেই। বিষয়টি কোনো ভুয়া বার্তা বা ‘হোক্স’ (Hoax) কি না, তা ডিবি সাইবার টিম গভীরভাবে খতিয়ে দেখছে। তাই শিক্ষার্থীদের এবং অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।”
বিশ্ববিদ্যালয় এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও পুলিশি তৎপরতা জোরদার থাকায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাইবার টিম ইমেইল প্রেরকের আইপি অ্যাড্রেস শনাক্ত করতে কাজ চালিয়ে যাচ্ছে।
এনএনবাংলা/ইএস
